২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মটরযান আইন সংস্কার হচ্ছে, জানালেন মন্ত্রী

সড়ক দুর্ঘটনা ও পরিবহন খাতের অনিয়ম রোধে মটরযান আইন এক বছরের মধ্যেই যুগোপযোগী করার কাজ করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 08:31 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনা ও পরিবহন খাতের অনিয়ম রোধে মটরযান আইন এক বছরের মধ্যেই যুগোপযোগী করার কাজ করছে সরকার। নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে এর খসড়া তৈরি শেষ হলে এক বছরের মধ্যেই নতুন আইন পাস করা হবে। একই সঙ্গে ট্রাফিক আইন সংশোধন ও যুগোপযোগী করার কাজও শুরু হয়েছে বলে জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান। 'সড়ক দুর্ঘটনা প্রতিরোধ আন্দোলন' নামে একটি সংগঠন 'ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা : কারণ ও করণীয়' শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি শাজাহান খান বলেন, গত কয়েক বছরে বাংলাদেশে জনসংখ্যা, সড়ক ও যানবাহন বেড়েছে। সে তুলনায় সড়ক দুর্ঘটনা বাড়েনি। তবে এটাও সত্য একটি দুর্ঘটনাও অনেক বড় ক্ষতির কারণ। "শুধু চালকের কারণেই দুর্ঘটনা ঘটছে, এটি সত্য নয়। জনগণের মধ্যেও সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। পথচারীর অসতর্কতাও দুর্ঘটনা ঘটাচ্ছে", বলেন তিনি। বিদ্যালয়ের পাঠ্যক্রমে ট্রাফিক পদ্ধতির বিধি-বিধান অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন তিনি। সড়কের ওপর চাপ কমাতে নৌপথগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নৌমন্ত্রী। তিনি বলেন, এজন্য নৌপথগুলোতে নৌবাস চালু করা হবে। ইতোমধ্যে সরকারি উদ্যোগে দুটি ওয়াটার-বাস চালু করা হয়েছে। বেসরকারি খাতকেও এজন্য উৎসাহিত করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ জানান, বিশ্বে বর্তমানে দৈনিক ৩ হাজার মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। এ হিসেবে বছরে এ দুর্ঘটনার শিকার হচ্ছে সাড়ে ১৩ লাখ মানুষ। এসব দুর্ঘটনার ৯০ শতাংশই হচ্ছে উন্নয়নশীল ও তৃতীয় বিশ্বের দেশে। যদিও মোট যানবাহনের মাত্র ৪৮ শতাংশ রয়েছে এসব দেশে। "এ জন্য আমাদের নিজেদের কিছু বদঅভ্যাস বদলাতে হবে। আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে", বলেন তিনি। পিএসসির সদস্য ইকরাম আহমেদ বলেন, বছরে দেশে অন্তত ২০ হাজার মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে ২০ হাজার পরিবার চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য সরকারি সংস্থা বিআরটিএ ও ট্রাফিকের পাশাপাশি মালিক ও চালকরাও কম দায়ী নয়। 'সড়ক দুর্ঘটনা প্রতিরোধ আন্দোলন'র আহ্বায়ক ওসমান আলীর সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন সাংবাদিক অজয় দাশগুপ্ত, খেলাঘরের সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪৩০ ঘ.