২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর খিলগাঁওয়ে এক পরিবহন ব্যবসায়ীকে গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 08:16 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁওয়ে এক পরিবহন ব্যবসায়ীকে গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সিপাইবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নিয়াজুল ইসলাম (২৫)। তার বাসা পূর্ব গোরানে। তিনি 'বিসমিল্লাহ ট্রান্সপোর্টের' মালিক বলে স্বজনরা জানিয়েছে। গুলিবিদ্ধ নিয়াজুলকে ছোট ভাই শরিফুল ইসলাম দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। পুলিশ জানিয়েছে, নিয়াজুল র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিয়াজুলের বুকের বাম পাশে একটি গুলি লেগেছে। সন্ত্রাসীদের গুলিতে নিয়াজুলের সঙ্গে নাসির গাজী (৩৮) নামে অন্য একজনও আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান উরুতে গুলি লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছে। নিজেকে পুলিশের সোর্স দাবি করে নাসির সাংবাদিকদের বলেন, "নিয়াজুল ও আমি দুপুরে সিপাইবাগ টেম্পু স্ট্যান্ডে বসে ছিলাম। এ সময় চারজন যুবক আমাদের দেখে মেরাদিয়া ভূঁইয়াপাড়ার একটি গলিতে ঢুকে পড়ে। আমরা তাদের পিছু নিলে তারা গুলি চালিয়ে দৌড়ে পালিয়ে যায়।" খিলগাঁও থানার ওসি হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিয়াজুল ও নাসির দুজনই র‌্যাবের সোর্স। ওসি জানান, নিয়াজুল যাতে সোর্সের কাজ না করে এ জন্য তার বাবা তাকে একটি গাড়ি কিনে দিয়ে ব্যবসা করতে বলেন। দুই ভাই দুই বোনের মধ্যে নিয়াজুল তৃতীয়। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮৩১ ঘ.