সিলেট, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমার কাশনিয়ার হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ছয় জনের মধ্যে চার জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অগ্নি-নির্বাপক বাহিনীর কর্মীরা এ লাশগুলো উদ্ধার করে।
সোমবার বিকেলে দক্ষিণ সুরমার কাশনিয়ার হাওরে ঝড়ের কবলে পড়ে বারকি নৌকা ডুবে ছয় জন নিখোঁজ হয়।
সিলেট অগ্নি-নির্বাপক বাহিনীর সহকারী পরিচালক পরিমল কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় জনগণের সহায়তায় লাশগুলো উদ্ধার করা হয়েছে।
যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- দক্ষিণ সুরমার মির্জানগর গ্রামের ফাহমিদা আক্তার অ্যানি (১১), শরিফুল ইসলাম (৭), সোনাপুর গ্রামের মনফর আলী (৪০) ও জয়নুল আহমদ (৮)।
নিখোঁজ ফারুক আহমদ (৪৭) ও বেলাল আহমদের (৭) লাশ উদ্ধারে চেষ্টা চলছে বলে জানান পরিমল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১২৪০ ঘ.
bdnews24