২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে অস্থিরতা দোষীদের শাস্তির দাবিতে উত্তপ্ত সংসদ

শেয়ার বাজারে অস্থিরতার জন্য 'দোষীদের' শাস্তি না হওয়ায় জাতীয় সংসদে তোপের মুখে পড়লেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 07:37 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার বাজারে অস্থিরতার জন্য 'দোষীদের' শাস্তি না হওয়ায় জাতীয় সংসদে তোপের মুখে পড়লেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পুঁজিবাজারের অস্বাভাবিক দরপতন তদন্তের জন্য গঠিত কমিটি গত ৭ এপ্রিল সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সোমবার প্রথমবারের মতো বিষয়টি নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়। খোদ ক্ষমতাসীন দলের সাংসদরাই অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী কারো শাস্তি না হওয়ায় বাজারে অস্থিরতা বাড়ছে। সামগ্রিক বিষয়ে সরকারের একেক সংস্থা একেক রকম কথা বলায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। একজন সাংসদ অর্থমন্ত্রীকে 'সর্ষের ভেতরে ভূত' খোঁজারও পরামর্শ দেন। 'আপাতত এটুকুই' কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মো. মুজিবুল হক অর্থমন্ত্রীর কাছে জানতে চান, শেয়ারবাজারের কারসাজির বিষয়ে সরকার দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে। এই লিখিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, প্রতিবেদনে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান ভঙ্গের অভিযোগ উঠেছে, কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব ব্যবস্থা তিন ধাপে (অবিলম্বে, স্বল্প ও মধ্যমেয়াদে) বাস্তবায়ন করা হবে। তিনি জানান, দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে সরকার ইতোমধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠনসহ বেশি কিছু পদক্ষেপ নিয়েছে। কমিশনের একজন নির্বাহী পরিচালককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে তাকেসহ মোট দুইজন নির্বাহী পরিচালকের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দুই কর্মকর্তার আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুদকে পাঠানো হয়েছে বলেও সংসদকে জানান তিনি। এ সময় সাংসদ ইলিয়াস মোল্লার একটি সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ পর্যন্ত যেসব ব্যবস্থা নেওয়ার হয়েছে, বাজেটের আগে এর বেশি কিছু আপাতত করার নেই। 'সাজা না হওয়ায় অস্থিরতা বাড়ছে' পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, "প্রতিবেদন জমা দেওয়ার পর আজ পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কারো বিরুদ্ধে সাজা না হওয়ায় বাজারে অস্থিরতা বেড়ে যাচ্ছে।" শেয়ারবাজার কারসাজির ঘটনা তদন্তে কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদের বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ নামধারী কিছু লোক এ কর্মকাণ্ড ঘটাচ্ছেন- এ দাবি করে সেলিম বলেন, দুয়েকজনের জন্য পুরো সরকার বা আওয়ামী লীগ এর দায় নেবে না। পুঁজিবাজারের অস্বাভাবিক দরপতন তদন্তের জন্য গঠিত কমিটি গত ৭ এপ্রিল সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। ৩০ এপ্রিল প্রতিবেদনটি প্রকাশ করে সরকার। সেলিম বলেন, ওই প্রতিবেদনে এমন অনেকের নাম এসেছে যারা টিভি টক শোতে গিয়ে কথা বলছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, "শেয়ার কারসাজির সঙ্গে যে-ই জড়িত থাকুক, সরকারি দলের কেউ-ই জড়িত থাকলে- তার বিরুদ্ধে ব্যবস্থা নিন।" শেয়ারবাজার পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে সরকারের একেক সংস্থা একেক রকম কথা বলায় বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ক্ষমতাসীন দলের সাংসদরা টেবিল চাপড়ে সেলিমের বক্তব্যের প্রতি তাদের সমর্থন জানান। এরপর সাংসদ মুজিবুল হক চুন্নু পয়েন্ট অব অর্ডারে বলেন, প্রতিবেদনের ভিত্তিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেওয়া হোক। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম পয়েন্ট অব অর্ডারে বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে শেয়ার বাজারের সলিল সমাধি ঘটবে। কমিটির প্রধান খন্দকার ইব্রাহিম খালেদ আজ আসামির কাঠগড়ায় উল্লেখ করে এই সাংসদ বলেন, "অর্থনীতির স্বার্থে এ কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কমিটির প্রধান কাঠগড়ায়। আর আসামিরা বহাল তবিয়তে। কমিটি প্রধানকে যেভাবে অপমান করা হচ্ছে তাতে আগামীকে কেউই সরকারের কোনো কমিটিতে যেতে চাইবে না।" গত ১৯ মে হাইকোর্টের এক আইনজীবীর করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ইব্রাহিম খালেদের 'দুর্নীতি' তদন্তের নির্দেশ কেন দেওয়া হবে না তা দুর্নীতি দমন কমিশনের কাছে জানতে চায়। তদন্ত কমিটির কর্মপরিধির বাইরে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার বক্তব্য কেন এখতিয়ার বহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চায় আদালত। 'খালেদ সৎলোক' ইব্রাহিম খালেদকে 'সৎ লোক' অভিহিত করে তার বিরুদ্ধে মানহানি মামলার জন্য সংসদে দুঃখ প্রকাশ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, "ইব্রাহিম খালেদ স্বনামধন্য লোক। তিনি ভালো একটি প্রতিবেদন জমা দিয়েছেন। তবে কয়েকটি অনুমানের ভিত্তিতে কথা বলেছেন- এটা ভালো হয়নি। তার সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে।" ইব্রাহিম খালেদের বিরুদ্ধে মামলা পরিচালনায় সরকার সহায়তা করে যাবে বলে জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর পর পয়েন্ট অব অর্ডারে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর আরেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, সংসদের সবাই জানেন ইব্রাহিম খালেদ সৎলোক। তদন্ত কমিটির প্রতিবেদনের বিরুদ্ধে মান হানির মামলা হতে পারে- তা এ সংসদ বিশ্বাস করে না। অর্থমন্ত্রীর উদ্দেশ্যে সুরঞ্জিত বলেন, "সর্ষেতে ভূত খোঁজেন। কোথায় দরবেশ, কোথায় ইমাম, কোথায় মুয়াজ্জিন- এগুলোকে খোঁজেন। সর্ষের মধ্যে ভূত রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএসজেড/পিডি/জেকে/০১৩৪ ঘ.

এ সম্পর্কিত আরো খবর