কুড়িগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়তি টোল দিতে অস্বীকার করায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, খড়িবাড়ি হাটের ইজারাদারের লোকেরা সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটায়।
নিহতের নাম কচিমুদ্দিন (৬০)। বাড়ি ভাঙ্গামোর ইউনিয়নের আটিয়াবাড়ি গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কচিমুদ্দিন দীর্ঘদিন ধরে হাটে বাঁশের তৈরি ডালি-কুলা-ডুলিসহ অন্যান্য জিনিস বিক্রি করে আসছিলেন। এ জন্য নিয়মিত টোল দিতেন তিনি। সোমবার ইজারাদারদের লোকজন ৬ টাকার জায়গায় ১০ টাকা টোল দাবি করলে তাদের সঙ্গে কচিমুদ্দিনের কথা কাটাকাটি হয়।
স্থানীয় ব্যবসায়ী মজনু রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক পর্যায়ে ইজারাদার মকবুল হোসেনের লোকেরা কচিমুদ্দিনকে বেধড়ক পেটায়। কচিমুদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায়।
চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথেই কচিমুদ্দিনের মৃত্যু হয়।
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২৩৫৭ ঘ.
bdnews24