ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন স্বামী অমেয়ানন্দজী মহারাজ। তিনি প্রয়াত স্বামী অক্ষরানন্দজী মহারাজের স্থলাভিষিক্ত হলেন।
রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকা থেকে সোমবার রাতে স্বামী জ্ঞানপ্রসাদানন্দ মহারাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ব রামকৃষ্ণ মঠ ও মিশনের বিশ্বপ্রধান স্বামী আত্মস্থানন্দজি মহারাজ সোমবার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ হিসেবে স্বামী অমেয়ানন্দজি মহারাজকে নিয়োগ দিয়েছেন।"
জ্ঞানপ্রসাদানন্দ আরো জানান, দায়িত্ব নেওয়ার পর অমেয়ানন্দজী জানিয়েছেন তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে রামকৃষ্ণের বাণী প্রচার করে যাবেন।
স্বামী অমেয়ানন্দজী ১৯৫৫ সালে রামকৃষ্ণ মিশনের পাটনা কেন্দ্রে যোগ দেন তিনি। সেখানে সপ্তম প্রেসিডেন্ট স্বামী শংকরানন্দের অধীনে কর্মরত ছিলেন তিনি। ১৯৬৭ সালে দশম প্রেসিডেন্ট স্বামী ভিরেস্বরানন্দের কাছ থেকে সন্ন্যাস লাভের পর দীর্ঘ ৩৫ বছর রামকৃষ্ণ মিশনের জয়রামবতি কেন্দ্রে কাজ করেন। এর মধ্যে ২০ বছরই কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে তিনি পাটনা, দেওঘর এবং বৃন্দাবন কেন্দ্রে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২২১৬ ঘ.
bdnews24