ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১০৮টি ইউনিয়নে অপটিক্যাল নেটওয়ার্ক স্থাপন শুরু হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিজস্ব অর্থায়নে ২৮ কোটি টাকার কাজ শুরু হয়েছে। আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে কাজটি শেষ হতে পারে।
আরো এক হাজার ইউনিয়নে অপটিক্যাল নেটওয়ার্ক স্থাপনের প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
রাজিউদ্দিন জানান, টেলিযোগযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমানে ১ হাজার ৪৩১ কোটি ৫৫ লাখ টাকার আটটি প্রকল্পের কাজ চলছে।
প্রকল্পগুলো হলো- ৬২২ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে টেলিকমিউনিকেশন্স নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প, ২৮৯ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ইন্টারনেট তথ্য সম্প্রসারণ প্রকল্প, ২৮ কোটি টাকা ব্যয়ে এক হাজার ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক স্থাপন, ১৭৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে আন্তর্জাতিক দূরপাল্লার টেলিযোগাযোগ সেবা নীতিমালা (আইএলডিটিএস)-২০০৭ বাস্তবায়ন প্রকল্প, ১৯৬ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ঢাকা শহরের পুরাতন ডিজিটাল টেলিফোন ব্যবস্থা প্রতিস্থাপন প্রকল্প, ১০ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহের ডিজিটাল এক্সচেঞ্জ সম্প্রসারণ এবং উপজেলাসমূহে নতুন ডিজিটাল এক্সচেঞ্জ স্থাপন প্রকল্প, ৩০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নতুন অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট (ওএনইউ) এক্সচেঞ্জ স্থাপন, ৭৫ কোটি টাকা ব্যয়ে বিটিসিএল'র বিভিন্ন টেলিফোন এক্সচেঞ্জসমূহের সম্প্রসারণ এবং অন্যান্য উন্নয়ন কর্মসূচি।
এছাড়া নেক্সট জেনারেশন নেটওয়ার্কভিত্তিক (এনজিএন) টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প, ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন প্রকল্প, ভিডিও কনফারেন্সিং প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এর আগে বিকাল ৫টা ২০ মিনিটের কিছুক্ষণ পরে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এএল/২১০১ ঘ.
bdnews24