নাটোর, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা চেষ্টা ও বাড়ি পোড়ানোর একটি মামলা রাজনৈতিক কারণে সৃষ্ট বিবেচনায় আদালত থেকে প্রত্যাহার হওয়ায় একযোগে মুক্তি পেলেন ৩৬ আসামি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে রোববার নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হলে তারা মুক্তি পান।
আদালত সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মামলা প্রত্যাহার সংক্রান্ত চৌদ্দতম সভার সিদ্ধান্ত অনুযায়ী সিংড়া থানার ২৭ (২৫/১১/২০০২) নম্বর মামলাটি প্রত্যাহারের জন্য রোববার আদালতে আবেদন করেন জেলার পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম। তিনি ফৌজদারী কার্যবিধির ৪৯৪ ধারায় দরখাস্ত দিয়ে মামলাটি প্রত্যাহার চান। শুনানি শেষে মুখ্য বিচারিক হাকিম মো. লিয়াকত আলী মোল্লা মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। এতে ৩৬ আসামির সবাই মামলা থেকে মুক্ত হন।
মামলার বাদী জেলার সিংড়া উপজেলার জয়কুড়ি গ্রামের বাবর আলীর পুত্র মো. আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, ২০০২ সালের ২১ নভেম্বর আসামি মিজানুর রহমানসহ ৩৬ জন আমার বাড়িতে হামলা চালায়। প্রকাশ্য দিবালোকে তারা আমাদের হত্যার চেষ্টা করে। আমার বৃদ্ধ পিতা বাবর আলী গুরুতর জখম হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাদী আলাউদ্দিন আরো বলেন, এই ঘটনার তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে ৩০৪ ধারা (মৃত্যু ঘটতে পারে জেনেও আঘাত করা) সংযুক্ত করা হয়। আগামী ২৪ জুলাই মামলার সাক্ষ্যের দিন ধার্য ছিল। কিন্তু নির্ধারিত তারিখের আগেই মামলাটি তারা শেষ করে ফেললো।
তিনি অভিযোগ করে বলেন, আসামিরা টাকার জোরে রাজনীতির আশ্রয় নিয়েছে। আমরা গরীব মানুষ। আল্লাহর কাছে বিচার চাওয়া ছাড়া আমাদের কিছুই রইলো না।
নাটোরের পাবলিক প্রসিকিউটর মো. সিরাজুল ইসলাম বলেন, "সরকারের উচ্চ পর্যায় থেকে আমাকে মামলাটি প্রত্যাহারের আবেদন করতে বলা হয়েছে। আমি ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে মামলা প্রত্যাহারের আবেদন করেছি। এতে ন্যায় বিচার ব্যাহত হয়নি। জেলা পর্যায়ের মামলা প্রত্যাহার সংক্রান্তকমিটির পক্ষ থেকেও তদন্ত করে দেখা হয়েছে মামলাটি রাজনৈতিক কারণে সৃষ্ট। তাই আদালতের সিদ্ধান্ত সঠিক হয়েছে বলে আমি মনে করি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৮ ঘ.
bdnews24