চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে একটি হত্যা মামলায় এক আসামির ফাঁসি ও অন্য ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির নাম সালাউদ্দিন বাবু ওরফে ছাগল বাবু।
যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- দিলদার হোসেন, ডিমা মাসুদ, টিটু, সিরাজ, আবদুল্লাহ আল মামুন ও ঢাকাইয়া সোহেল।
বৃহস্পতিবার বিকালে মহানগর পঞ্চম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক লা মং এ রায় দেন।
এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুরনাহার বেগম হত্যা মামলায় সালাউদ্দিনের বাবুর ফাঁসি এবং অন্য ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড, একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
তিনি জানান, আসামিদের মধ্যে সিরাজ ও ঢাকাইয়া সোহেল ছাড়া বাকি সবাই পলাতক।
মামলার ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেওয়া হয়েছে বলে জানান আসাদ।
২০০৪ সালের ৩ নভেম্বর নগরীর খুলশী থানাধীন আল ফালাহ গলিতে নাজমুল হুদার নির্মাণাধীন ভবনে চাঁদার দাবিতে হামলা চালায় সন্ত্রাসীরা। ওইসময় সে বাসায় বেড়াতে এসেছিলেন নাজমুল হুদার খালা নুরনাহার বেগম।
মামলার বিবরণ অনুসারে, আলমারির চাবি দিতে দেরি হওয়ায় সন্ত্রাসীরা নুরনাহার বেগমককে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় সন্ত্রাসীরা একশ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরনাহার মারা যান। এ ঘটনায় ওই বছরের ৪ নভেম্বর নাজমুল হুদা বাদী হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেন।
অতিরিক্তি মহানগর পিপি আসাদ জানান, পুলিশ তদন্ত শেষে ২০০৫ সালের ৩১ আগস্ট ওই মামলার অভিযোগপত্র দেয়। ২০০৮ সালের জুলাই মাসে সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২১৫৯ ঘ.
bdnews24