ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা গ্র"পের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও তার স্ত্রীর সালমা ইসলামের বিরুদ্ধে দায়ের করা সম্পদের তথ্য গোপনের মামলা বাতিল করেছে হাইকোর্ট।
এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তাদের দায়ের করা পৃথক দুটি রিট আবেদনে বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মো. শওকত হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
বাতিলের আদেশে আদালত বলেছে, সম্পদের হিসাব চেয়ে তাদের নতুন নোটিশ দেওয়া যাবে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালের ১৯ অগাস্ট বাবুল ও তার স্ত্রীর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করে।
মামলায় বলা হয়, বাবুল তার সম্পদের হিসাব বিবরণীতে ৯২ কোটি ৮২ লাখ ৬১৯ টাকার তথ্য গোপন করেছেন। এ কাজে সহায়তা করেছেন তার স্ত্রী।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খোরশেদ আলম খান। বাবুল ও সালমা ইসলামের পক্ষে ছিলেন ব্যরিস্টার রফিক-উল হক।
আদেশের পর খুরশিদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৮১৭ ঘ.
bdnews24