বরিশাল, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুরে এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১৪ ধানাকাটা শ্রমিককে দুই দিন আটক করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
তারা হলেন- শাহাদাত, আফজাল শেখ, ইউনুস, জলিল, হাবিব, মোশারেফ, চান মিয়া, জাহিদ, জাকির, স্বপন, খালেক, আলতাফ, লাল মিয়া ও মুজাম।
শ্রমিকদের সবাই বাগেরহাটের মোড়লগঞ্জের বাসিন্দা।
শ্রমিক আফজাল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপজেলার একতা বাজার সংলগ্ন গৃহস্থ মোস্তফা হাওলাদারের বাড়িতে শনিবার রাতে সিঁদ কেটে চোরেরা নগদ ২৬ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে। এ ঘটনায় আমাদের দায়ী করে আটকে রাখা হয়।"
তিনি অভিযোগ করেন, সবার মালামালসহ সবকিছু তল্লাশি করে কিছু না পেলেও তাদের আটকে রাখা হয়েছিলো।
গত ৯ বছর ধরে প্রতি ধানকাটা মৌসুমেই তারা মোড়লগঞ্জ থেকে ওই গৃহস্থের বাড়িতে ধানকাটতে আসতেন বলেও জানান আফজাল।
সাংবাদিকদের মাধ্যমে এ খবর পেয়ে মঙ্গলবার ভোররাতে পুলিশ তাদের উদ্ধার করে।
উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান শ্রমিকদের আটকে রাখার বিষয়ে বলেন, "আসলে আটক নয়, চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের কোথাও যেতে দেওয়া হয়নি।"
এলাকবাসী ও মোস্তফা হওলাদার এই ঘটনার জন্য ক্ষমা চাওয়ায় শ্রমিকরা মামলা করতে রাজি হননি বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬১৯ ঘ.
bdnews24