২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্বন নিঃসরণ কমাতে চুক্তিতে পৌঁছানোর তাগিদ প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনতে আইনি বাধ্যবাধকতাসহ একটি চুক্তিতে পৌঁছানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনতে আইনি বাধ্যবাধকতাসহ একটি চুক্তিতে পৌঁছানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষোড়শ বিশ্ব আবহাওয়া কংগ্রেসে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ বিষয়ে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। স্জুারল্যান্ডের জেনেভায় সোমবার এ সম্মেলনের উদ্বোধন করা হয়। ১৮৯টি দেশের প্রতিনিধিদের এ কংগ্রেসে আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, পানি সমস্যাসহ পরিবেশগত বিভিন্ন বিষয় নিয়ে দিক নিয়ে আলোচনা হবে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শেখ হাসিনার দেওয়া ভাষণের লিখিত অনুলিপি বিভিন্ন গণমাধ্যমে সরবরাহ করেছে তথ্য অধিদপ্তর। শেখ হাসিনা সম্মেলনে বলেন, "কোপেনহেগেন ও কানকুন জলবায়ু সম্মেলনে আইনি বাধ্যবাধকতাসহ একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছি আমরা। এবার ডারবানে সে সুযোগ হাতছাড়া করার সুযোগ নেই।" স্বল্পোন্নত দেশগুলোকে পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য (গ্রিন টেকনোলজি) পর্যাপ্ত তহবিলের যোগান দিতে শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "এ থেকে মুক্তির একমাত্র পথ সম্মিলিত প্রচেষ্টা। আজ গুটিকয়েক দেশ এর প্রত্যক্ষ শিকার হলেও আগামীতে পুরো বিশ্বকেই এই প্রভাব মোকাবেলা করতে হবে।" এ দুর্যোগ মোকাবেলায় সমন্বিত দায়িত্ব ও সাম্যতার ভিত্তিতে সব দেশের এগিয়ে আসা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি। জলবায়ু তহবিলের কার্যক্রম দ্রুত শুরু করার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, এই তহবিলের অর্থ ঝুঁকি ও জনসংখ্যার হারের ভিত্তিতে বণ্টন করা উচিৎ। আবহাওয়ার পূর্বাভাসের দেওয়ার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ ও তথ্য সম্পৃক্তকরণে ব্যবহারকারীদের সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক ও জাতীয় পর্যায়েও গ্লোবাল ফ্রেমওয়ার্ক ফর ক্লাইমেট সার্ভিসেসের (জিএফসিএস) কার্যক্রম পরিচালনার প্রয়োজন রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকির পরিধি ও ব্যাপকতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলদেশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে খুবই কম। কিন্তু বৈশ্বিক উষ্ণতার কারণে বাংলাদেশই সবচে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।" জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এ বিষয়ে ১৩৪ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া জলবায়ুর পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে ফসল উৎপাদনের জন্য প্রচলিত কৃষি ব্যবস্থার পরিবর্তন আনা হচ্ছে। ২০১৫ সালের মধ্যে মোট ভূমির ২০ শতাংশ বনায়নের আওতায় আনারও একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। শেখ হাসিনা জানান, কারো সাহায্যের অপেক্ষায় না থেকে ২০ কোটি ডলারের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে বাংলাদেশ। এছাড়া উপকূলীয় এলাকায় ১৪ হাজার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালীকরণ ও আবহাওয়া অফিসের আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার বিদায়ী সভাপতি ড. আলেকজান্দর বেদরিকির সভাপতিত্বে বিভিন্ন দেশ ও দ্বীপ রাষ্ট্রের প্রধান ও মন্ত্রীরা উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন। এ সম্মেলনে যোগ দিতে রোববার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। ২৮ মে তার ঢাকা ফেরার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/২০৪৭ ঘ.