২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবী রিন্টু হত্যা মামলায় ১ আসামির মৃত্যুদণ্ড

ঢাকা বারের আইনজীবী শামসুল হক রিন্টু হত্যা মামলার রায়ে এক জনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বারের আইনজীবী শামসুল হক রিন্টু হত্যা মামলার রায়ে এক জনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার আসামিদের উপস্থিতিতে দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল ইসলাম এ রায় দেন। আসামিদের মধ্যে চাঁন মিয়াকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। যাবজ্জীবন সাজা হয়েছে মো. সোহেল ও শামসুল হক মাক্কি নামে অপর দুইজনের। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২৪ এর মধ্যে। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একবছর সাজা ভোগ করতে হবে। মামলার নথি থেকে জানা গেছে, ২০০৯ সালের ২৭ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ির ধলপুর কোল্ড স্টোরেজের গলিতে চুরির সময় এক চোরকে হাতেনাতে ধরে ফেললে সহযোগীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হন রিন্টু। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রিন্টুর ভাই মাজহারুল হক পিন্টু যাত্রাবাড়ি থানায় মামলা করেন। বিচারকালে রাষ্ট্রপক্ষে ১৮ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এ আদালতের বিশেষ কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম। আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সেতারা বেগম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৪৪৫ ঘ.