মানিকগঞ্জ, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকার একটি সেতুর নিচ থেকে লাশ উদ্ধার করা হয় বলে ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকালে সেতুর নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। লাশের মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। পরনে ছিলো টি-শার্ট ও ট্রাউজার। যুবকের বয়স আনুমানিক ২৬। "
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/কেএমএস/১৩০৭ ঘ.
bdnews24