ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্য ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন) অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন খারিজ হয়ে গেছে।
প্রধান বিচারপতির এবিএম খায়রুল হকের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ সোমবার এ রায় দেয়।
আপিল আবেদন খারিজ হয়ে যাওয়ার পর রিটকারীদের পক্ষের আইনজীবী আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, এই রায়ের ফলে ট্রুথ কমিশনকে অবৈধ বলে দেয়া হাইকোর্টের রায় বহাল থাকলো। এখন দুদক চাইলে ট্রুথ কমিশনে দায়মুক্তি পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।
রাষ্ট্রপতির অধ্যাদেশে ২০০৮ সালের ৩ জুলাই সত্য ও জবাবদিহিতা কমিশন গঠিত হয়। দুর্নীতির দায়ে ২ বছরের কম মেয়াদে সাজাপ্রাপ্তদের শর্তসাপেক্ষে ক্ষমা করে দেওয়ার লক্ষ্যে গঠিত এ কমিশন 'ট্রুথ কমিশন' নামেই পরিচিতি পায়।
এ কমিশনের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ২৫ অগাস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান খান শুভ্র, উন্নয়ন বিকল্প নীতি-নির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, আওয়ামী লীগের তখনকার মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপু মনি এবং অধিকারের তখনকার ভারপ্রাপ্ত পরিচালক নাসিরউদ্দিন এলান হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
একই বছরের ১৩ নভেম্বর হাইকোর্ট ট্রুথ কমিশনকে অবৈধ ঘোষণা করে। এরপর সরকার পক্ষের আবেদনে ওই বছরের ১৬ নভেম্বর চেম্বার জজ হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে।
এরপর ট্রুথ কমিশন থেকে 'দায়মুক্তি' পাওয়া সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মঞ্জুর আহমেদসহ তিনজন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেন।
আদালতে আপিল আবেদনকারীর পক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেএমএস/১০৩৮ ঘ.
bdnews24