ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক জানিয়েছেন, তার সময় সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার সংখ্যা অনেক কমেছে।
রোববার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, "আমার আমলে সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলার সংখ্যা অনেক কমে গিয়েছে। এ কৃতিত্ব এখানকার বিচারপতি ও আইনজীবীদের।"
ভবিষ্যতে নতুন প্রধান বিচারপতির নেতৃত্বেও মামলাজট কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মামলার জট কমিয়ে আনতে বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়ে খায়রুল হক বলেন, বিচারপ্রার্থীদের অধিকার রক্ষায় মামলাজট কমানো প্রয়োজন।
পরিপূর্ণ বিচারিক মনোসংযোগ দিয়ে রুল ইস্যু করতে হাইকোর্টের বিচারপতিদের প্রতি জানান প্রধান বিচারপতি।
তিনি বলেন, একটি রুল ইস্যু করা মানে হচ্ছে, একটি মামলা বেড়ে যাওয়া।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতগুলোর ডাটা লিঙ্কের জন্য নতুন একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়। ওয়েব সাইটটিতে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতগুলোর দৈনন্দিন কার্য তালিকা পাওয়া যাবে।
তবে প্রাথমিকভাবে শুধু ঢাকা কোর্টের ১ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম অতিরিক্ত জেলা জজ আদালতের কার্যতালিকা পাওয়া যাবে।
'জাস্টিস স্ট্রেন্দেনিং' কর্মসূচির আওতায় সাইটটি উদ্বোধন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে ইউএনডিপি সাত মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সুপ্রিম কোর্টের নিবন্ধক মো. আশরাফুল ইসলাম, আইন মন্ত্রণালয়ের সচিব সহিদুল করিম এবং ইউএনডিপির ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার চুক্তিতে স্বাক্ষর করেন।
সুপ্রিম কোর্টের বিচারিক সংস্কার বিষয়ক বিশেষ কমিটির সভাপতি মো. ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/আরএ/পিডি/১৯০৫ ঘ.
bdnews24