ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন ও আন্তর্জাতিক মানের করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
রোববার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উর্স হেরেন, সুইডেনের অ্যান মার্গারেটা ও ডেনমার্কের রাষ্ট্রদূত সভেন ওলিং একসঙ্গে দেখা করতে গেলে মন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, মন্ত্রী বর্তমান সরকারের সময় 'জাতীয় মানবাধিকার আইন ২০০৯'সহ মানবাধিকার সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
কমিশনকে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিকভাবে স্বাধীন করে গড়ে তুলতে পূর্ণমাত্রার জনবল দেওয়া হয়েছে বলেও তাদের জানান দীপু মনি।
এসময় তিনি শক্তিশালী গণতন্ত্রের জন্য গঠনমূলক সমালোচনায় একটি স্বাধীন ও আন্তর্জাতিক মানের মানবাধিকার কমিশনের ভূমিকার কথা তুলে ধরেন।
জবাবে মানবাধিকার কমিশনের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে সরকারের উদ্যোগকে স্বাগত জানান তিন রাষ্ট্রদূত। পাশাপাশি বাংলাদেশে আন্তর্জাতিক মানের মানবাধিকার প্রতিষ্ঠায় নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য দেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/১৮৫৬ ঘ.
bdnews24