২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবস্থা না নিলে সড়ক দুর্ঘটনা বাড়বে: মন্ত্রী

অতি দ্রুত ব্যবস্থা না নিলে আগামী ২০ বছরে সড়ক দুর্ঘটনার হার ৮০ শতাংশ বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতি দ্রুত ব্যবস্থা না নিলে আগামী ২০ বছরে সড়ক দুর্ঘটনার হার ৮০ শতাংশ বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বুধবার রাজধানীর সড়ক ভবনের আরএইচডি মিলনায়তনে সড়ক দুর্ঘটনা রোধে জাতিসংঘের এক দশক কর্মসূচি উদ্বোধন উপলক্ষে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে ইন্টারন্যাশনাল রোড অ্যাসেসমেন্ট প্রোগ্রামের সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এ কথা বলেন । আগামী এক দশকে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও অন্যান্য ক্ষতির পরিমাণ কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, প্রতিবছর ১২ থেকে ১৪ হাজার মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন। এজন্য আমাদের জিডিপির ২ শতাংশ বহন করতে হয়। একই সময় জাতিসংঘ সড়ক নিরাপত্তা কর্মসূচির দশক (২০১১-২০২০) উপলক্ষে দুদিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে যে সমস্ত আইন রয়েছে তা যথেষ্ট, বিদ্যমান আইন পরিবর্তনের প্রয়োজন নেই। যে আইন রয়েছে তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ মোস্তফা, ইন্টারন্যাশনাল রোড এসেসমেন্ট প্রোগ্রামের এশিয়া প্যাসিফিক আঞ্চলিক প্রতিনিধি গ্রেগ স্মিথ, অধ্যাপক মাজহারুল হক, ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ূম প্রমুখ। ২০১০ সালের ২ মার্চ জাতিসংঘের সাধারণ অধিবেশনে সড়ক দুর্ঘটনা রোধে পরবর্তী দশকে (২০১১-২০২০) কর্মপরিকলনা গ্রহণের সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/পিডি/১৭৫৪ ঘ.