২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নদী দখল করলে দিতে হবে উচ্ছেদের খরচও'

নদী তীরবর্তী অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিদ্যমান উচ্ছেদ আইন সংস্কার করে আরো কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 09:23 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদী তীরবর্তী অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিদ্যমান উচ্ছেদ আইন সংস্কার করে আরো কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, "বর্তমান উচ্ছেদ আইনে ছয় মাসের জেলের বিধান রয়েছে। আইন সংস্কার করার পর দখলদারদের উচ্ছেদের খরচ বহন করতে হবে এবং জরিমানাও করা হবে।" ঢাকার চারপাশের নদী এলাকায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবৈধ দখলে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে আগামী ১৮ মে আলেম-মাশায়েখদের সঙ্গে আলোচনা হবে, তাদের কাছ থেকে সরকার সহযোগিতা চেয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের গুরুত্বপূর্ণ অন্যান্য নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টাস্কফোর্সের ১২তম সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী জানান, আগামী ৩১ মে'র মধ্যে ঢাকার চারপাশের চারটি নদী অবৈধ দখলদার মুক্ত ও নদী সীমানা পিলার বসাতে হাইকোর্টের নির্দেশ রয়েছে। তবে এ সময় বাড়াতে হাইকোর্টে আবেদন করা হবে। ঢাকা, নারায়ণগঞ্জ গাজীপুর ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আইন সংস্কারের জন্য প্রস্তাব দেওয়া হবে জানিয়ে শাজাহান খান বলেন, টাস্কফোর্স এ প্রস্তাবটি বিবেচনা করে আইন মন্ত্রণালয়ে পাঠাবে। ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গী এলাকায় ১৩৮টি পয়েন্ট দিয়ে শিল্প ও মনুষ্য বর্জ্য নদীতে যাচ্ছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, দূষণ রোধে মাসে ২-৩ বার এসব এলাকায় ভ্রাম্যমাণ দল পাঠানো হবে এবং জরিমানা করা হবে। ঢাকার খালগুলোর দখলদার মুক্ত রাখতে নজরদারি দল নামানো হবে বলেও জানান নৌ পরিবহন মন্ত্রী। সভায় পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১৫২০ ঘ.