২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

নরসিংদী-গাজীপুর সড়কের ভাটপাড়া থেকে মঙ্গলবার সন্ধ্যায় একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 06:55 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

নরসিংদী, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী-গাজীপুর সড়কের ভাটপাড়া থেকে মঙ্গলবার সন্ধ্যায় একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যা ৭টায় একটি প্রাইভেটকার তল্লাশি করে পৌনে ২ কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাইভেটকারটির চালক লুৎফর রহমানকে (২১) আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িটি থেকে ৩২৫ ভারতীয় রূপী, প্রাইম ব্যাংক মিরপুর শাখার একটি খালি চেক, এক জাপানি নাগরিকের পরিচয়পত্র এবং ব্যাংক অব টোকিও'র একটি ভিসা কার্ড উদ্ধার করা হয়। সদর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বরেন, গাড়ি তল্লাশিকালে প্রাইভেটকারটিকে থামতে বললে সিগন্যাল অমান্য করে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। পরে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ট্রাফিক সার্জেন্ট শাহ আলম মণ্ডল গাড়িটি থামান। এ সময় প্রাইভেটকারের চার যাত্রী পালিয়ে গেলেও চালককে আটক করা হয়। পরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক ও সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেন গিয়ে মূর্তিসহ গাড়ি ও চালককে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাইভেটকার চালক লুৎফর রহমান নেত্রকোনার পূর্বধলা উপজেলার রাজগাঘড়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৭ ঘ.