নারায়ণগঞ্জ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ওয়াই আর এস ফ্যাশন কনসেপ্ট লি. কারখানায় এ বিক্ষোভ হয়।
এ সময় শ্রমিকরা সড়ক অবরোধ করার চেষ্টা করলেও পুলিশের বাধায় তা সম্ভব হয়নি।
শ্রমিকরা জানায়, ওয়াই আর এস ফ্যাশন কনসেপ্ট লিমিটেডের কারখানায় প্রায় ১১শ' শ্রমিক কাজ করে। তাদের গত চার মাসের বেতন বকেয়া রয়েছে।
গত সপ্তাহে মালিকপক্ষ বলেছিল মঙ্গলবার (১০ মে) বেতনের টাকা দেবে।
কিন্তু সকালে শ্রমিকরা এসে কারখানা তালাবন্ধ দেখে বিক্ষুদ্ধ হয়ে ওঠে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বলেন, শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করেছে। পরে মিছিল নিয়ে শিমরাইল মোড়ে অবস্থান নেয় এবং সড়ক অবরোধের চেষ্টা চালায়।
কিন্তু পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের বকেয়া বেতন আদায় করে দেওয়ার আশ্বাস দিয়ে শান্ত করে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৭ ঘ.
bdnews24