২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেক্টর কমান্ডার নূরুজ্জামানের মৃত্যুতে খালেদার শোক

মুক্তিযুদ্ধের সাত নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত কর্নেল কাজী নূরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 01:59 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সাত নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত কর্নেল কাজী নূরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, "দেশ একজন মননশীল ও প্রগতিশীল রাজনৈতিক চিন্তার মানুষকে হারিয়েছে। তার অবদান দেশবাসী চিরদিন স্মরণ রাখবে।'' শুক্রবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে কাজী নূরুজ্জামান মারা যান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সেপ্টেম্বর মাসে তিনি ৭ নম্বর সেক্টরে কমান্ডারের দায়িত্ব পান। তিনি অত্যন্ত বীরত্বের সঙ্গে রণাঙ্গনে যুদ্ধ পরিচালনা করেন। তাকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়। ওই বার্তায় মুক্তিযুদ্ধে কাজী নূরুজ্জামানের অসম সাহসিকতাপূর্ণ অবদানের কথা স্মরণ করে বলা হয়, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে প্রয়াত কাজী নূরুজ্জামান জীবনপণ করে দেশের মুক্তির জন্য লড়াই করেছেন। মুক্তিযুদ্ধের একজন খাঁটি অকুতোভয় লড়াকু যোদ্ধা হিসেবে তার অবিস্মরণীয় অবদান দেশের মানুষ কোনোদিন ভুলে যাবে না। খালেদা এই বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর কাজী নূরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫৪ ঘ.