২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপবাদ থেকে রক্ষায় নারীনীতি: দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি বলেছেন, নারীকে অপবাদ থেকে রক্ষার জন্যই সরকার নারীনীতি প্রণয়ন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 07:54 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

চাঁদপুর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি বলেছেন, নারীকে অপবাদ থেকে রক্ষার জন্যই সরকার নারীনীতি প্রণয়ন করছে। এ নিয়ে কোনো অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তির অপচেষ্টা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দিপু মনির নির্বাচনী এলাকা চাঁদপুরে অনুষ্ঠিত 'সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনে ইসলাম ও ধর্মীয় নেতৃবৃন্দের করণীয়' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, "বিয়ের পর স্বামী মারা গেলে অনেক মেয়েদের শ্বশুর বাড়ির অপবাদ সইতে হয়। কোনো কোনো ক্ষেত্রে স্বামীর মৃত্যুর জন্য ওই নারীকে শ্বশুর বাড়ির পক্ষ থেকে দায়ীও করা হয়। এসব অপবাদ থেকে রক্ষা পাওয়ার জন্য সরকার ইসলাম ও শরীয়াহ মোতাবেক নারীনীতি প্রণয়ন করছে।" মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এই সভার আয়োজন করে। ইমামদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন। যারা ধর্মকে ব্যবহার করে, সরকার সম্পর্কে নানা অপপ্রচার চালাচ্ছে তাদের সম্পর্কে জনগণকে অবহিত করেন।" জেলা প্রশাসক প্রিয়তোষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, দীপু মনির বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ ওসমান গনি পাটওয়ারী। পরে দীপু মনি শহরের সেন্ট্রাল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৪৩ ঘ.