২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেস্টুরেন্ট খোলা রাখায় ভাংচুর

মে দিবসে রাজধানীর বিভিন্ন এলাকায় খোলা থাকা রেস্টুরেন্টে ভাংচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মে দিবসে রাজধানীর বিভিন্ন এলাকায় খোলা থাকা রেস্টুরেন্টে ভাংচুর হয়েছে। রোববার কারওয়ানবাজার, গুলিস্তান, হাজারীবাগ ও যাত্রাবাড়ী এলাকায় রোববার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ ভাংচুর চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। যাত্রাবাড়ি থানার ওসি আবুল কাসেম জানান, উত্তর যাত্রাবাড়ির একটি হোটেল খোলা রাখায় কর্মচারীরা ভাংচুর করেছে। মালিক পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান ওসি। তেজগাঁও থানার সহকারি উপ-পরিদর্শক মো.আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারওয়ান বাজার এলাকায় শ্রমিকরা আট/নয়টি দোকান ভাংচুর করে। "এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।" বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট এন্ড সুইটমিট ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কয়েকদিন আগেই মালিকদের পহেলা মে হোটেল বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছি। কিন্তু কিছু কিছু মালিক কর্মচারীদের ভয় দেখিয়ে কাজ করতে বাধ্য করছেন। "আজ কোনো হোটেল শ্রমিক হোটেল ভাংচুরে জড়িত ছিল না।" কারা ভাংচুর করেছে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, বাজারের হোটেল কর্মচারী ছাড়াও কুলি ও অন্যান্য লোক থাকে যারা হোটেল খোলা রাখার কারণে ছুটি কাটাতে পারেনি। তারাই হামলা ও ভাংচুর চালিয়েছে। হাজারিবাগ থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুুরের দিকে দোকান কর্মচারীদের মধ্যে একটু সমস্যা হয়েছে। তবে পরে তা ঠিক হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২০৩৫ ঘ.