মাদারীপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় মটরসাইকেল ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুসহ তিন জন নিহত হয়েছে।
শনিবার সকালে উপজেলার বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় মটরসাইকেল ও যাত্রীবাহী টেম্পুর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
রাজৈর থানার এসআই (উপ-পরিদর্শক) হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী দুই বন্ধুর মধ্যে আসাদুল হক বাবু (১৭) ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তার বন্ধু রফিকুল ইসলাম (১৭) ও টেম্পু চালক সাইদুল ইসলামকে (৩৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তারা মারা গেছেন।
আসাদুল রাজৈর উপজেলার সরমঙ্গল গ্রামের মোহম্মদ আলীর ছেলে। রফিকুল একই উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের রুহুল বেপারীর ছেলে। দুজনই স্থানীয় খালিয়া হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
টেম্পু চালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫০৫ ঘ.
bdnews24