২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় লঞ্চডুবি: তদন্ত দলের সাক্ষ্য গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 05:48 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে। সোমবার সকালে কমিটির সদস্যরা ভৈরবে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি বিপাশা ডুবে ৩৩ জনের মৃত্যু হয়। স্থানীয় সাংবাদিক তুহিন মোল্লা জানান, তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আলাউদ্দিন স্থানীয় নাটাল ডাকবাংলোতে দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুর্ঘটনার সময় লঞ্চে কর্মরত আনসার সদস্য, স্টাফ ও লঞ্চমালিক সমিতির লোকজনের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় তদন্ত কমিটির অপর দুই সদস্য মহাপরিচালক (ডিজি) শিপিং ক্যাপ্টেন মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএ'র পরিচালক মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম এবং অভ্যন্তরীণ নৌযান চলাচল যাত্রী পরিবহন সিলেট জোনের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান হেলিম উপস্থিত ছিলেন। ২৮ এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে বলে জানান মো. আলাউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৯ ঘ.