ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ-বিদেশে 'বিভ্রান্তি' নিরসনে সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে 'জনপ্রশাসন মন্ত্রণালয়' করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নতুন নাম অনুমোদন করা হয়। সচিবালয়ে এ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বিস্তারিত জানান।
তিনি বলেন, সংস্থাপন মন্ত্রণালয়ের নাম নিয়ে দেশে ও বিদেশে বিভ্রান্তি থাকায় সরকার এ নামটি পরিবর্তনের উদ্যোগ নেয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে এ ব্যাপারে নীতিগত অনুমোদন দেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।
কিছু আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই এ মন্ত্রণালয় 'জনপ্রশাসন মন্ত্রণালয়' নামে কার্যক্রম শুরু করবে বলে প্রেস সচিব জানান।
গত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রথম এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে কয়েকটি মতবিনিময় সভা ও সেমিনারের আয়োজন করা হয়। এ থেকে তিনটি নামের প্রস্তাব আসে। এর মধ্যে একটিকেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো।
বৈঠকে সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন ছাড়াও 'কোল পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড' গঠন এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়।
এছাড়া ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আইন, ২০১১-এর খসড়া প্রস্তাবেও মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে।
মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদন, অর্থমন্ত্রীর ফ্রান্স সফর এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর তিউনিশিয়া সফর সংক্রান্ত প্রতিবেদনও বৈঠকে উপস্থাপন করা হয় বলে আবুল কালাম আজাদ জানান।
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন
প্রেস সচিব জানান, চলতি বছরের প্রথম তিনমাসে (জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত) মন্ত্রিসভায় ১০৭টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জোট সরকারের সময় এর সংখ্যা ছিল ১০০টি।
বর্তমান সরকারের মেয়াদে ২০০৯ সাল থেকে মার্চ ২০১১ পর্যন্ত মন্ত্রিসভায় ৬৯০টি নেওয়া হয়েছে। এরমধ্যে বাস্তবায়ন হয়েছে ৬১৮টি। বাস্তবায়নের এ হার ৯০ শতাংশ। একই সময়ে জোট সরকারের সময় সিদ্ধান্ত নেওয়া হয় ৩৭২টি। এরমধ্যে বাস্তবায়ন হয় ২৬৪টি। এর হার ছিল ৭১ শতাংশ।
বর্তমান সরকারের মেয়াদে গত মার্চ পর্যন্ত আন্তর্জাতিক সযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে ৪৭টি। জোট সরকারের একই সময়ে এর সংখ্যা ছিলো ২৬টি।
মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য বৈঠকে উপস্থাপন করা হয়।
ডিটিসিএ আইন
ঢাকা মহানগরীসহ আশেপাশের জেলাগুলো যানজট নিরসন ও পরিবহনের সমস্যা দূর করার কার্যক্রমে সমন্বয় আনতে 'ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আইন, ২০১১-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও ময়মনসিংহ জেলা ডিটিসিএর আওতায় পড়বে বলে আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এএল/জেকে/১৭০৪ ঘ.
bdnews24