সাতক্ষীরা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁকড়া ধরার সময় সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের দারগাং এলাকায় বাঘের আক্রমণে একজন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে তাকে বাঘে নিয়ে যায়। বিকালে বনবিভাগের সহায়তায় গ্রামবাসী তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত সাইফুল ইসলাম (২৫) শ্যামনগর উপজেলার বড় ভেটখালী গ্রামের আবু বক্কার গাজীর ছেলে।
নিহতের পরিবার জানায়, দুইদিন আগে আরো দুই সহযোগীর সঙ্গে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান।
শুক্রবার সকালে সুন্দরবনের কৈখালী স্টেশন সংলগ্ন দারগাং এলাকায় নদীতে কাঁকড়া ধরার সময় একটি বাঘ সাইফুলকে নিয়ে যায়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৮ ঘ.
bdnews24