ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবার জানাজা-দাফনে অংশ নিতে বৃহস্পতিবার বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।
দুপুর ২টা ২৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
কারাগার থেকে বের হওয়ার সময় ধরে ওই সময় হিসাব করা হবে। এর ফলে তাকে রাত সাড়ে ৮টার মধ্যে আবার কারাগারে ঢুকতে হবে।
পিন্টুর বাবা মোহাম্মদ নিজামউদ্দিন বুধবার মারা যান।
ওইদিনই পিন্টু প্যারোলে মুক্তির আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার তা মঞ্জুর করে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুখসানা হাসিন স্বাক্ষরিত আদেশে বলা হয়, বাবার জানাজা ও দাফনে অংশ নিতে ছয় ঘণ্টা সময় পাবেন পিন্টু। এরপর আবার তাকে কারাগারে ফিরতে হবে।
মন্ত্রণালয়ের আদেশ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে কারাগারে পৌঁছায় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
বিডিআর বিদ্রোহ মামলাসহ তিনটি মামলার আসামি পিন্টু ২০০৯ সালের ১১ জুন থেকে কাশিমপুর কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/প্রতিনিধি/এফএফ/এমআই/আরএ/১৫৩৯ ঘ.
bdnews24