ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় পথচারী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজন সেই যাত্রীবাহী বাসটি পুড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফার্মগেট ওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) কৃপা সিন্ধু বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মতিঝিল থেকে গাবতলীগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এরপরই বিক্ষুব্ধ লোকজন বাসটি আটক করে প্রথমে ভাংচুর করে এবং পরে আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনার পর ফার্মগেট এলাকার গাড়ি চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশের চেষ্টায় গাড়ি চলাচল স্বাভাবিক হলেও ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/আরএ/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24