ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে বাউল নির্যাতনকারীদের শাস্তি দাবি করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
বুধবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদী বাউল সমাবেশে সংগঠনটি এ দাবি জানায়।
গত ৫ এপ্রিল রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামে ২৮ বাউলের চুল ও দাড়ি-গোঁফ কেটে দেওয়া হয়। এরপর মামলা হলে এক আসামিকে গ্রেপ্তারও করে পুলিশ।
বাউল নির্যাতনের এ ঘটনা নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন সংগঠন কর্মসূচিও পালন করে। হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়।
বাউলদের ওপর নির্যাতনের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার করে কেন বিচারের আওতায় আনা হবে না, তা জানাতে মঙ্গলবার নির্দেশও দেয় হাইকোর্ট।
সমাবেশে বক্তারা বলেন, বাউলরা মারামারি কিংবা রক্তপাতে বিশ্বাস করেন না। তাদের প্রতিবাদের ভাষা স্পষ্ট হয়ে ওঠে গানের মাধ্যমে। তাই লালন সাঁই, শাহ আব্দুল করিমসহ প্রথিতযশা বাউল-সাধকদের গানে মৌলবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ আর ঘৃণা মূর্ত হয়ে উঠে।
তারা আরো বলেন, পৃথিবী সবার, মানবতা সবার। ধর্ম যার যার। ধর্মের নামে যারা মানুষের উপর অত্যাচার চালায় তারা অধর্ম করে। বাউলদের গানের মর্মকথা এটাই।
বাউল নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রাবন্ধিক-গবেষক মফিদুল হক বলেন, "বাউলদের উপর হালাকারীদের এমন শাস্তি দিতে হবে যাতে আর কেউ এমন নিন্দনীয় কাজ করতে ভবিষ্যতে সাহস না পায়।"
তিনি আরো বলেন, রাজবাড়ীর পাংশায় বাউলদের প্রতি এই বর্বরতা কাযৃত বাংলাদেশের আত্মার প্রতি, হৃৎপিণ্ডের প্রতি বর্বরতা।
মফিদুল হক একে হাজার বছরের বাঙালি সংস্কৃতির উপর 'হামলা' হিসেবে আখ্যায়িত করেন।
জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস বলেন, "ক্ষমতার জোরে হোক আর ধর্মের জোরেই হোক, বাউলদের ওপর হামলাকারীদের অবশ্যই শাস্তি দিতে হবে।"
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ আসাদুজ্জামান নূর, সম্মিলিত সাংস্কিৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর, অভিনেতা শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
পরে বাউল গান পরিবেশন করেন বাউল স্বান্তনা মণ্ডল, পাগলা বাবলু, কাসেম, শফি মণ্ডল ও ইসহাক ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২১৫ ঘ.
bdnews24