চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের স্থানীয় দৈনিক সুপ্রভাত বাংলাদেশের আলোকচিত্রীকে দায়িত্ব পালনের সময় লাঞ্ছিত করেছেন দুষ্কৃতকারীরা।
রোববার সকাল ১১টার দিকে নগরীর চকাবজার এলাকায় সড়ক দখল করে ভবন নির্মাণের ছবি তুলতে যান দৈনিক সুপ্রভাতের আলোকচিত্রী সোহেল সরোয়ার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছবি তোলা শেষ করে ফেরার সময় আয়াছ বাহিনীর সদস্যরা আমাকে ধরে নিয়ে আলী প্লাজার তৃতীয় তলার একটি কক্ষে আটকে রাখে।
"কক্ষের দরজা আটকে শারীরিক ও মানসিক নির্যাতন করে সন্ত্রাসীরা। এসময় তারা ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেয়। ধারণকৃত ছবিও তারা মুছে ফেলে।"
এ বিষয়ে পত্রিকার পক্ষ থেকে কোতয়ালী থানায় জানানো হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা সোহেলকে ছেড়ে দেয়।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনা তদন্তে দুই দফায় পুলিশ পাঠানো হয়েছে।
সন্ধ্যায় সাংবাদিক সোহেল সরোয়ার থানায় একটি জিডি করেছেন বলে জানান ওসি।
তিনি বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), রিপোর্টার্স স্ট্যান্ডিং কমিটি, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২৩২৯ ঘ.
bdnews24