২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির পূর্বাভাস

বৈশাখের প্রথম দিনে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 05:34 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশাখের প্রথম দিনে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনাজপুরসহ দু-একটি স্থানে ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকলেও খুলনা অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার আভাসও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাদেকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কমতে শুরু করেছে। খরতাপের বৈশাখের প্রথম দিনে রাজধানীসহ দেশের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে চট্টগ্রামে বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। অন্য স্থানগুলোতে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধাণত শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ফরিদপুর, খুলনা ও মংলা অঞ্চলে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো মংলায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিু ছিলো শ্রীমঙ্গলে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ এবং সর্বনিু ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। চলতি এপ্রিল মাসের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঝড় ও তাপপ্রবাহের পূর্বাভাসে জানানো হয়, দেশের উত্তর, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ৪-৬ দিন বজ্রসহ মাঝারি/তীব্র কালবৈশাখী/বজ্র-ঝড় ও দেশের অন্যত্র ৪-৫ দিন হালকা/মাঝারি কালবৈশাখী /বজ্রঝড় হতে পারে। এছাড়া দেশের উত্তর ও মধ্যাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (>৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্য স্থানগুলোতে এক থেকে দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১১৩০ ঘ.