ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি পদে খন্দকার মোশাররফ হোসেন ও মহাসচিব পদে মোহাম্মদ জালাল উদ্দিন পুনর্নির্বাচিত হয়েছেন।
বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সমিতির সদস্যরা কন্ঠভোটে তাদের পুনর্নির্বাচিত করেন।
এর আগে বিকালে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে 'বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সম্মেলন-২০১১' অনুষ্ঠিত হয়।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান, সাবেক মন্ত্রী সেলিমা রহমান, সাবেক সাংসদ বরকত উল্লাহ বুলু, বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সহসভাপতি নাজমুল হক নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশনে মহাসচিব সংগঠনের প্রতিবেদন উপস্থাপন করেন। মোশাররফ সংগঠনের কার্যক্রম ও সংগঠনের উদ্দেশ্য তুলে ধরেন।
পরে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিটির আহবায়ক মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে সমিতির সদস্যদের উপস্থিতিতে সভাপতি পদে খন্দকার মোশাররফ হোসেন ও মহাসচিব পদে মোহাম্মদ জালাল উদ্দিনের নাম প্রস্তাব করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়।
পরে নির্বাচন কমিটির আহ্বায়ক নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/১৯৩০ ঘ.
bdnews24