আগরতলা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সীমান্ত হয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করার দায়ে মঙ্গলবার ত্রিপুরা থেকে মিয়ানমারের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা মিয়ানমারের মঙ্গলো এলাকার সংখ্যলঘু রোহিঙ্গা মুসলিম। তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
ত্রিপুরা পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় আদালত তাদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
ভারতে চাকরির উদ্দেশ্যে কক্সবাজারের টেকনাফ দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। এরপর সেখান থেকে ত্রিপুরার সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে।
ত্রিপুরা থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পশ্চিম ত্রিপুরার বিশ্রামগঞ্জ বাজার থেকে ওই ছয় জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, তাদের উদ্দেশ্য ছিলো ত্রিপুরা দিয়ে ট্রেনে করে আসামের গৌহাটি পৌঁছানো। পরে সেখান থেকে ভারতের মূল ভূখণ্ডে চাকরি খোঁজা।
দেশটির সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ শাসক এই সংখ্যালঘুদের ওপর নানাভাবে নির্যাতন চালাতো বলেও তারা অভিযোগ করেছে।
প্রায় ২০ লাখ রোহিঙ্গাদের প্রায় অর্ধেক এখনো উত্তর রাখাইন প্রদেশে বাস করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এএল/১৮৪৩ ঘ.
bdnews24