সাতক্ষীরা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের একটি বাড়ি থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ১১৯ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
আশাশুনি থানা পুলিশ সোমবার দুপুরে কুল্যার মহিষাডাঙ্গা গ্রাম থেকে এ চাল উদ্ধার করে।
আশাশুনি থানার ওসি ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওএমএস-এর চাল উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা বাজারে একটি দোকানে কালোবাজারে বিক্রি হচ্ছে বলে গোপন সূত্রে খবর আসে। পুলিশ ওই দোকানে গিয়ে চাল না পেয়ে আশপাশে লোকজনকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় যে, মহিষাডাংগা গ্রামের জনৈক বিধান মণ্ডল নামের এক ব্যক্তি চাল কিনে নিয়ে গেছেন। পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ১১৯ বস্তা চাল উদ্ধার করে। উদ্ধারকৃত প্রতিটি বস্তার গায়ে 'মিনিস্ট্রি অব ফুড' লেখা আছে।
এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
আশাশুনি থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১২১ ঘ.
bdnews24