বরিশাল, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চেক জালিয়াত চক্রের ৬ সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
পুলিশ জানায়, রোববার দুপুর ১টার দিকে সোনালী ব্যাংকের আগৈলঝাড়া পয়সারহাট শাখায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলো আবুল বেপারী, ফারুক ফকির, সানোয়ার শেখ, মনির খান, মিজানুর রহমান ও চয়ন বিশ্বাস।
চেক জালিয়াতির অভিযোগে সোনালী ব্যাংক পয়সারহাট শাখার ক্যাশিয়ার আবুল কালাম আজাদ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা করেছেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) জসিমউদ্দিন জানান, ব্যাংকের ব্যবস্থাপক শংকর লাল নাথের স্বাক্ষর জাল করে রোববার দুুপুরে ৩৪৪৬ নং ব্যাংক হিসাবের অনুকুলে চেকের মাধ্যমে ১ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে জালিয়াত চক্রের সদস্যরা।
ওই ব্যাংক হিসাবটি পয়সারহাট গ্রামের হারুন চৌকিদারের ছেলে ব্যবসায়ী শামীম চৌকিদারের।
১ লাখ ৪০ হাজার টাকা উত্তোলনের কিছু সময় পর একই ব্যাংক হিসাবের অনুকুলে উত্তোলনের জন্য দেড় লাখ টাকার আরো একটি চেক জমা দেয় প্রতারকরা।
এ সময় ক্যাশিয়ার আবুল কালাম আজাদের সন্দেহ হলে তিনি বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপককে অবহিত করেন।
চেকের স্বাক্ষর দেখে ব্যবস্থাপক জালিয়াতির বিষয়টি নিশ্চিত হন।
এ ঘটনা টের পেয়ে ওই ৬ জন পালানোর চেষ্টা করে। এ সময় ব্যাংকে উপস্থিত জনতা তাদের ধরে ফেলে এবং গণধোলাই দেয়।
পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১২৯ ঘ.
bdnews24