চট্টগ্রাম, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডুবে যাওয়া চালবাহী উত্তর কোরীয় জাহাজ উদ্ধার নিয়ে মঙ্গলবার মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
আলোচনার জন্য উত্তর কোরীয় জাহাজ এমভি হায়াং রো বং এর মালিকপক্ষের প্রতিনিধি মি. ঘং রোববার ঢাকা পৌঁছেছেন।
বৈঠকের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম।
নিয়ম অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের চ্যানেল বা বহির্নোঙরে ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের ক্ষেত্রে কর্তৃপক্ষ মালিকপক্ষ বরাবর নোটিশ পাঠায়। মালিকপক্ষের কাছ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে সাড়া পাওয়া না গেলে বন্দর কর্তৃপক্ষ নিজেই জাহাজ উদ্ধারের উদ্যোগ নেয়।
অবশ্য তখন মালিকপক্ষ জাহাজের কোনো মালিকানা দাবি করতে পারে না।
এদিকে জাহাজডুবির কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
তদন্ত কমিটির প্রধান নৌ-বাণিজ্য পরিবহন অধিদপ্তরের (মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট) ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার সিরাজুল ইসলাম ইতিমধ্যে ডুবে যাওয়া জাহাজ এবং ধাক্কা দেওয়া দেশীয় জাহাজ এমভি বঙ্গলঙ্কা পরিদর্শন করে উভয় জাহাজের নাবিকদের সঙ্গে কথা বলেছেন।
গত বুধবার রাতে বন্দরের বহির্নোঙরে দেশীয় একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ১৩ হাজার মেট্রিক টন সরকারি চালবাহী উত্তর কোরীয় জাহাজ হায়াং রো বং ডুবে যায়।
ঘটনার পরদিন এর কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জাহাজটি বহির্নোঙরের ব্রাভো অ্যাংকরেজের কাছে ডুবে আছে। বর্তমানে জাহাজটির শুধু মাস্তুল দেখা যাচ্ছে বলে ক্যাপ্টেন নাজমুল আলম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১২৩ ঘ.
bdnews24