ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবার বক্তব্য শোনার মধ্য দিয়ে মডেল তানিয়া মাহবুব তিন্নী হত্যামামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এ মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি আসামি হলেও পলাতক রয়েছেন।
রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তিন্নীর বাবা সৈয়দ মাহবুব করিম আংশিক জবানবন্দি দেন।
বিচারক ফাতেমা নজীব আগামী ১১ মে বাদির অবশিষ্ট জবানবন্দি শুনবেন।
গত বছরের ১৪ জুলাই অভির অনুপস্থিতিতেই এ মামলায় অভিযোগ গঠন হয়। তবে বিভিন্ন কারণে সাক্ষ্যগ্রহণ সাত বার পিছিয়েছিলো।
রোববার অভির পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) শাহ ইলিয়াস রতন একটি আবেদন দাখিল করেন। তাতে বলা হয়, কানাডায় বসবাসকারী অভি দেশে ফেরার জন্য পাসপোর্ট ইস্যু করতে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। এটি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষে ৪১ জনকে সাক্ষী করা হয়।
২০০২ সালের ১০ নভেম্বর তিন্নিকে খুনের পর তার লাশ বুড়িগঙ্গার চীন মৈত্রী সেতুর নিচে ফেলে রাখা হয়। মামলায় অভিযোগ করা হয়, তিন্নির সঙ্গে সম্পর্ক চাপা দিতে অভিই তাকে খুন করে।
লাশ উদ্ধারের পর দিন কেরানীগঞ্জ থানা পুলিশ হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করলেও ছয় তদন্ত কর্মকর্তার হাত ঘুরে পরে শুধু অভিকে আসামি করে ২০০৮ সালের ৮ নভেম্বর অভিযোগপত্র দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তৎকালীন সহকারী কমিশনার মোজাম্মেল হক।
গত ১৪ মার্চ ঢাকার তৎকালীন জেলা ও দায়রা জজ কৃষ্ণা দেবনাথ আলোচিত এ মামলার অভিযোগ গঠন করে বিচারের জন্য তা বর্তমান আদালতে পাঠান।
১৯৯২ সালে রমনা থানায় দায়ের করা একটি অস্ত্র মামলার ১৭ বছর সশ্রম কারাদণ্ডের রায়ের পর হাইকোর্ট থেকে জামিন নেন অভি। এরপরই দেশ ছাড়েন তিনি। অভিকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা ইতোপূর্বে আদালতে জানিয়েছিলেন।
তিন্নির লাশ উদ্ধারের পর প্রথম মামলায় তিন্নির স্বামী শাফাকাত হোসেন পিয়ালসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিলো। কিন্তু হত্যার সঙ্গে তাদের কারোরই সম্পৃক্ততা না পাওয়ায় তাদের প্রত্যেককেই পরে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০০৪ সালের ২৯ জুন থেকে ২০০৮ সালের ৩ জুন পর্যন্ত তদন্ত শেষে পুলিশ অভির বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র দেয়।
অভিযোগপত্রে বলা হয়, পিয়ালের সঙ্গে দাম্পত্য সম্পর্কের অবসান ঘটিয়ে তিন্নির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন অভি। তবে তাকে কখনো স্ত্রীর মর্যাদা দেননি। বিয়ের জন্য তিন্নি চাপ দিলে অভি তাকে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫১০ ঘ.
bdnews24