২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিটিসিএল কর্মচারীদের ধর্মঘট

চাকরি স্থায়ীকরণের দাবিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেডের (বিটিসিএল) অস্থায়ী কর্মচারিরা অবস্থান ধর্মঘট শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 08:12 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি স্থায়ীকরণের দাবিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেডের (বিটিসিএল) অস্থায়ী কর্মচারিরা অবস্থান ধর্মঘট শুরু করেছে। রোববার সকাল ১০টা থেকে ইস্কাটন রোডে বিটিসিএল কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয় বলে জানান অস্থায়ী কর্মচারি কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মশিউর রহমান। তিনি বলেন, "১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত এক হাজার ৮৫৭ জন অস্থায়ী কর্মচারি বিটিসিএল'র বিভিন্ন পদে কাজ করছে। এদের বেতন দেড় হাজার থেকে পাঁচ হাজার ২০০ টাকা পর্যন্ত।" একই দাবিতে এর আগেও কর্মবিরতি, বিক্ষোভ-সমাবেশ পালন করা হয় জানিয়ে তিনি বলেন, "বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সংসার চালানো সম্ভব হচ্ছে না, তাই এই কর্মসূচি পালনে বাধ্য হয়েছি।" তিনি বলেন, "বর্তমান সরকার প্রতি পরিবার থেকে একজন করে চাকরি দেওয়ার কথা বলেছিলো তাদের নির্বাচনী ইশতেহারে। তাই আমাদের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে চাকরি স্থায়ী করা হোক।" দাবি না মেনে নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ ব্যাপারে বিটিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা (কর্মচারি) বিটিটিবির অধীনে নিয়োগ পেয়েছিলো। পরে বিটিটিবি কোম্পানীতে রূপান্তরিত হওয়ায় তাদের স্থায়ীকরণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে কোম্পানীর সার্মথ্য নেই এতোগুলো পদে নিয়োগ দেওয়ার।" তিনি বলেন, "কোম্পানীর নতুন অর্গানোগ্রাম তৈরির কাজ চলছে। এটি হওয়ার পর অস্থায়ী এসব কর্মচারিদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিদের কোম্পানীতে নিয়োগ দেওয়া হবে।" তবে কবে নাগাদ অর্গানোগ্রাম তৈরির কাজ শেষ হতে পারে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৪০৫ ঘ.