ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুহাম্মদ ইউনূসের অব্যাহতিসহ দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন রোখার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশ সিপিবি নেতারা এ আহ্বান জানান বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিনীদের নাক গলানো অতীতের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা 'তথাকথিত' বিরোধী দলের নতজানু নীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের নগ্ন হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে।
বাংলাদেশে গ্যাস, কয়লা সম্পদ ও সমুদ্রের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা ও সম্প্রতি ড. ইউনূস বিষয়েত মার্কিন সাম্রাজ্যবাদের নগ্ন হস্তক্ষেপের নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনূসের পক্ষ অবলম্বন করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে যেভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে তা একেবারইে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
"গত ২২ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেইকের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বাংলাদেশের জন্য চরম অবমাননাকর ও স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি চরম হুমকিস্বরূপ।"
বাংলাদেশ সফরে এসে ব্লেইক বলেছিলেন, ইউনূস বিষয়ে সন্তোষজনক সমাধান না হলে তা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কে প্রভাব ফেলবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমাদের স্বাধীনতা সংগ্রাম চলাকালে মার্কিন সাম্রাজ্যবাদ শুধু বিরোধীতাই করেই ক্ষান্ত হয়নি, সপ্তম নৌ-বহর পর্যন্ত পাঠিয়েছিল। বাংলাদেশের সংগ্রামী জনগণ তখন মার্কিন সাম্রাজ্যবাদকে রুখে দিয়েছিল।
সমাবেশে বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহাদৎ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এমএম আকাশ ও আহসান হাবিব লাবলু। আশরাফ হোসেন আশুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২০১২ ঘ.
bdnews24