হবিগঞ্জ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের লাখাইয়ে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছে দুজন। ডাকাতের হামলায় ৫ জন আহত হয়েছে।
শনিবার ভোর রাতে লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার পুুড়াইকলা গ্রামের ইউনূস আলীর ছেলে কাজল মিয়া (৪৫) ও একই উপজেলার বামকান্দি গ্রামের আলফু মিয়ার ছেলে জহির মিয়া (৩৭)।
আহতদের মধ্যে জিতু মিয়া (২৫) ও রহিম মিয়াকে (১৮) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাখাই থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্মপুর গ্রামে হাঁসের খামারের মালিক জিতু মিয়ার বাড়িতে হানা দেয় ডাকাত দল। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে বেঁধে লুটপাট শেষে পালানোর সময় ডাকাতদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ বাঁধে।
গণপিটুনিতে কাজলসহ দুজন ঘটনাস্থলেই মারা যায় বলে ওসি জানান। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.
bdnews24