ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডি এলাকায় এক যুগ্মসচিবের বাসা থেকে শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তানিয়া আক্তার (১০) বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রাণালয়ের যুগ্ন সচিব সর্দার আবুল কালামের বাসায় গৃহকর্মীর কাজ করতো। পুলিশের ধারণা, শুক্রবার ভোরে বাসা থেকে পালাতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে তার মৃত্যু হয়।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমণ্ডির ৬ নম্বর সড়কের ২২ নম্বর বাসায় দ্বিতীয় তলার কার্নিশ থেকে তানিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সর্দার আবুল কালাম শুক্রবার বিকালে সাংবাদিকদের বলেন, ২৯ মার্চ মরিয়মের মা নামের এক মহিলা তানিয়াকে বরিশালের হিজলা থেকে কাজের জন্য তার বাসায় দিয়ে যান। গত ৬ এপ্রিল তানিয়া একবার বাসা থেকে পালানোর চেষ্টা করে। তবে নিরাপত্তা কর্মীরা তাকে আবার বাসায় দিয়ে যায়।
তিনি বলেন, "তানিয়া ভোরে পাঁচ তলার ছাদ থেকে দেওয়াল বেয়ে নামার সময় পা পিছলে পড়ে যায় বলে আমাদের ধারণা।"
ওই সময় বাসার সবাই ঘুমিয়ে ছিলো বলেও জানান তিনি।
ধানমণ্ডি থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে, মেয়েটি দেওয়াল বেয়ে নামতে গিয়েই পা পিছলে কার্নিশে পড়ে গেছে।"
ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
ওসি জানান, তানিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২১১০ ঘ.
bdnews24