২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত নিয়েই উদ্বিগ্ন ইউনূস

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নিজের চেয়েও গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত নিয়ে তিনি বেশি উদ্বিগ্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নিজের চেয়েও গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত নিয়ে তিনি বেশি উদ্বিগ্ন। শুক্রবার কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১১টার পর সাংবাদিকরা সেখানে যান। মত বিনিময় শেষে সাবেক সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের বাইরে অপেক্ষায় থাকা সাংবাদিকদের বলেন, "মতবিনিময় করার জন্য ইউনূস সাহেব আমাদের ডেকেছিলেন। আমি তাকে বলেছি আদালতের রায় মেনে নিতে। কিন্তু এ সিদ্ধান্ত তাকেই নিতে হবে।" অনুমোদন না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে গত ২ মার্চ ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতির আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই আদেশের বিরুদ্ধে ইউনূস আদালতে গেলেও হাইকোর্ট বাংলাদেশ ব্যাংকের আদেশকেই বৈধতা দেয়। হাইকোর্টের রায় স্থগিতে ইউনূসের করা আপিলও মঙ্গলবার নাকচ হয় সুপ্রিম কোর্টে। ইউনূস এ আদেশ প্রত্যাহারে আবেদন করেন মঙ্গলবারই। এর শুনানি আগামী ২ মে পর্যন্ত মুলতবি হয়েছে। ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের বলেন, "তিনি (ইউনূস) আমাদেরকে জানিয়েছেন, তিনি নিজের জন্য যতোটা না উদ্বিগ্ন, তার থেকে বেশি উদ্বিগ্ন গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত নিয়ে।" সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল সোবহান বলেন, "আমি এখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আসিনি। এসেছি সাংবাদিক হিসেবে।" মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী, দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। ইকবাল সোবহান জানান, সাংবাদিক আতাউস সামাদ ও এবিএম মুসা মতবিনিময় সভায় যোগ দেবেন বলে তিনি শুনেছেন, কিন্তু তাদের তিনি সভায় দেখেননি। মতবিনিময় সভা শেষে মাহমুদুর রহমান সাংবাদিকদের জানান, মতবিনিময়কালে ড. ইউনূস বলেছেন তিনি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তিনি সুপ্রিম কোর্টের আদেশের জন্য অপেক্ষা করছেন। কোনো পরামর্শ দিয়েছেন কি না- এ প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, "আমার কোনো পরামর্শ নাই।" গত মাসে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকে অনেক যোগ্য কর্মকর্তা রয়েছেন যারা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিতে সক্ষম। "যে আইনি কাঠামোয় গ্রামীণ ব্যাংক চলে তাতেই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণের পদ্ধতি দেওয়া আছে। এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/কেএমএস/১৪৩৩ ঘ.