মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে ডাকা হরতালে সোমবার চট্টগ্রাম-হাটহাজারী সড়কে তাণ্ডব চালিয়েছে হেফাজত ইসলামী ও ইসলামী আইন বাস্তাবায়ন কমিটির কর্মীরা।
হাটহাজারী ও নগরীর বায়েজীদ থানাধীন বিশাল অংশ জুড়ে সকাল থেকেই অবরোধ শুরু করে হরতালকারীরা। দুপুর সোয়া ১২টার দিকে সড়কে আটকে পড়া দেড় শতাধিক বাস ও গাড়ি ভাংচুর করে তারা। হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার শক্ষার্থীরা হামলা ও অবরোধে নেতৃত্ব দেয়।
এ সময় ১০ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। দায়িত্ব পালনকালে দুই ফটো সাংবাদিককেও লাঞ্ছিত করে মাদ্রাসার ছাত্ররা। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে।
হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে একটি ওয়াকিটকি ও একটি রাইফেল ছিনতাই হয়। পরে একটি পুকুরে রাইফেলের ভাঙা অংশ পাওয়া গেলেও ওয়াকিটকিটি উদ্ধার করা যায়নি।
সন্ধ্যা ৬টার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ডে সমাবেশ করে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে হরতালকারীরা। এরপর চট্টগ্রাম-হাটহাজারী সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাটহাজারী সার্কেলের সিনিয়র এএসপি বাবুল আক্তার।
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে ও ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর ডাকা এই হরতালের সমর্থনে সোমবার ভোর থেকেই চট্টগ্রাম-হাটহাজারী সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করে হেফাজত ইসলামী ও ইসলামী আইন বাস্তাবায়ন কমিটির চার থেকে পাঁচ হাজার কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে লাঠি ও রড নিয়ে মাদ্রাসার ছাত্ররা হাটহাজারী উপজেলার বড় দীঘির পাড়, চৌধুরী হাট, ফতেয়াবাদ, ছড়ার কূল, হাটহাজারী সদর এবং নগরীর বায়েজীদ থানাধীন বালুচরা, বিআরটিএসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।
তাদের অবরোধের কারণে চট্টগ্রাম মহানগরের সঙ্গে হাটহাজারী, রাঙামাটি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফগামী সাড়ে তিনশ ওরশের বাস হাটহাজারী থেকে অক্সিজেন মোড় পর্যন্ত এলাকায় আটকা পড়ে।
দুপুর সোয়া ১২টার দিকে কিছু মাদ্রাসা ছাত্র লাঠি ও রড নিয়ে বালুচরা এলাকা থেকে চৌধুরী হাট পর্যন্ত দাঁড়িয়ে থাকা দেড়শতাধিক বাস ভাংচুর করে। এ সময় শিশু-নারীসহ অনেকেই আহত হন। হরতালকারীদের হাত থেকে বাঁচতে ওরশগামী বাসের আরোহীরা রাস্তার দুইপাশের বাড়িঘর, রেললাইন, ও ফসলি জমিতে আশ্রয় নেন।
হরতালকারীরা একপর্যায়ে বালুচরা এলাকার শিউলি ফিলিং স্টেশনে আগুন ধরিয়ে দেয়। তবে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সদস্যদের সময় মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ চলাকালে স্থানীয় লোকজনও পুলিশের সহায়তায় এগিয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।
সিএমপির উপ-পুলিশ কমিশনার কুসুম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষ চলাকালে হরতালকারীরা পুলিশের একটি ওয়াকিটকি ও একটি চাইনিজ রাইফেল ছিনিয়ে নেয়।
সন্ধ্যার দিকে বালুচরা এলাকার একটি পুকুরে রাইফেলের ভাঙা টুকরো পাওয়া গেলেও ওয়াকিটকিটি উদ্ধার করা যায়নি বলে জানান তিনি।
কুসুম দেওয়ান জানান, হাটহাজারী সড়কের মহানগর অংশে ১২ মাদ্রাসা ছাত্রকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সংঘর্ষের ঘটনায় ১০ পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
এদিকে হাটহাজারী সার্কেলের সিনিয়র এএসপি বাবুল আক্তার জানান, হাটহাজারী উপজেলার চৌধুরী হাট-ফতেয়াবাদ এলাকায় ৫০টির মতো যানবাহন ভাঙচুর করেছে হরতালকারীরা। তবে কোনো সংঘর্ষ ঘটেনি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
চট্টগ্রাম-হাটহাজারী সড়কে ভাংচুর ও হামলার ঘটনায় মামলা করা হবে বলে উপ-পুলিশ কমিশনার কুসুম দেওয়ান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২১০০ ঘ.
bdnews24