ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় খণ্ড জমিতে পাকা ধান। এর তিনটিতে ধান কাটছেন তিন জন কৃষক। সূর্য ডোবার আগেই ধান কাটা শেষ। পরের দিন আরো তিন জন কৃষক বাকি তিন খণ্ড জমির ধান কাটলেন।
এর ঠিক পরের দৃশ্যেই একজন কৃষক ছয় দিন ধরে ওই ছয় খণ্ড জমির ধান কেটে শেষ করলেন।
ব্র্যাক এর কম্পিউটার এইডেড লার্নিং সফটওয়্যারে সপ্তম শ্রেণীর সাধারণ গণিতের ঐকিক নিয়মের একটি অঙ্কের সমাধান এনিমেশনে এভাবেই তুলে ধরা হয়েছে।
রোববার সন্ধ্যায় রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ এই লার্নিং সফটওয়্যার দুটির মোড়ক উন্মোচন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ।
এসময় তিনি বলেন, শিক্ষার গুণগত মানের উন্নয়ন করতে পারলেই স্বার্থকতা আসবে। এ লক্ষ্যেই এসব সফটওয়্যার তৈরি করা হচ্ছে। অন্য বিষয়গুলোর সফটওয়্যারও খুব শিগগিরই তৈরি করা হবে।
পড়াশোনাকে সহজ, অংশগ্রহণমূলক ও আনন্দদায়ক করতে রঙিন এনিমেশনের সাহায্যে তৈরী ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সাধারণ গণিত ও ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের দুর্বোধ্য বিভিন্ন সমস্যার 'জীবন্ত' সমাধান মিলছে এসব সিডিতে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠক্রমের নিরিখে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিতের ৩১টি পাঠের ২২টি গণিতের সচিত্র সামাধান রয়েছে সিডিতে।
গণিতের ধারণাগুলো ফুঁটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন খেলা, কার্টুন ও এনিমেশন।
আর ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের বিভিন্ন বিষয় প্রাসঙ্গিক তথ্য, শব্দের ব্যাখ্যা, পরীক্ষণ, উপকরণ তালিকা, বিজ্ঞানী সম্পর্কে তথ্য ও মডেল তৈরির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে।
এছাড়া শ্রেণীকক্ষে অংশগ্রহণমূলক পাঠদান ও শিক্ষার্থীদের মূল্যায়ণের জন্য বিভিন্ন প্রশ্ন, শূন্যস্থান পূরণ, কুইজ ও এমসিকিউ পদ্ধতি ব্যবহারের সুযোগ রয়েছে এ দুটি সফটওয়্যারে।
ব্র্যাকের মিডিয়া ম্যানেজার জিয়া হাশান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাইলট কর্মসূচি হিসেবে টাঙ্গাইলের সাতটি বিদ্যালয়ে কম্পিউটার ও মাল্টিমিডিয়া সরঞ্জাম দেওয়া হয়েছে। ওইসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এই সফটওয়্যার ব্যবহার করে উৎসাহ পচ্ছেন বলে জানান তিনি।
টাঙ্গাইলের বশির দেওয়াহাটা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী কথা মনি জানায়, বইয়ের পড়া পড়ে মনে নানা প্রশ্ন জাগত। সিডি দেখে একা একাই সেসব প্রশ্নের উত্তর পাচ্ছে সে।
সাধারণ বিজ্ঞান বইটি পড়ার সময় 'জীবন্ত কঙ্কাল' দেখে মানুষের দৈহিক গঠন সে আয়ত্ত করে ফেলেছে। তার সহপাঠীরাও এই সিডি ব্যবহার করে কঠিন বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারছে বলে জানায় কথামনি।
ওই স্কুলের শিক্ষক চন্দ্রমোহন বিশ্বাস বলেন, ক্লাসে এই সিডি ব্যবহার করে বিমূর্ত বিষয়কে মূর্তিমান করা যাচ্ছে। এতে করে শিক্ষার্থীরা খুব সহজেই পাঠ বুঝতে পারছে। সিডির মাধ্যমে পড়াশোনা শুরুর পর স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিও বেড়েছে বলে জানান তিনি।
সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমানুর রশিদ, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহফুজ হোসেন, জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষাকার্যক্রম বোর্ডের সদস্য তাহেরা আক্তার জাহান ও ব্র্যাক'র কম্পিউটার এইডেড লার্নিং সফটওয়্যার প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২৩২৫ঘ.
bdnews24