চট্টগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরী এলাকার বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে আগ্রহী কানাডীয় প্রতিষ্ঠান টেকনোলজি নট থিওরি (টিএনটি)।
রোববার দুপুরে টিএনটি'র প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ স্মিথ চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র মনজুর আলমের সাথে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান।
সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীতে প্রতিদিন যে পরিমাণ আবর্জনা সংগ্রহ করা হয় তা থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে স্মিথ বৈঠকে জানান।
বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে জমি বরাদ্দের জন্য তিনি মেয়রকে অনুরোধ জানিয়ে বলেন,
প্রকল্পটি সম্পূর্ণ দূষণমুক্ত ও পরিবেশসম্মত হবে। টিএনটি এর ব্যয় বহন করবে।
মেয়র মনজুর আলম এ প্রকল্পকে সময়োপযোগী হিসাবে উল্লেখ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাইফুদ্দিন আহমেদ জানান, প্রকল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় চূড়ান্ত হলে সিসিসি এবং টিএনটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে সিসিসি'র বিদ্যুৎ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মো. গিয়াসউদ্দিন, সচিব সামসুদ্দোহা, প্রকৌশলী মোহাম্মদ নিজামউদ্দিন চৌধুরী, আবুল হাসনাত, নগর পরিকল্পনাবিদ স্থপতি রেজাউল করিম, টিএনটির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আই রহমান, মীর হোসাইন ইকরাম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কেএমএস/২২১০ ঘ.
bdnews24