রংপুর, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই পক্ষের কোন্দলের কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করায় রংপুরের পায়রা চত্বরে বিএনপির বিবদমান দুই পক্ষের কেউই সভা করতে পারেনি।
বৃহস্পতিবার বিকালে পায়রা চত্বরে সমাবেশ ডাকে জেলা বিএনপির মোজাফফর ও শিরিন ভরসা পক্ষ।
এক স্থানে একই সময়ে দুই পক্ষ সভা ডাকায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভায় নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর।
বেলা সাড়ে ৩টার দিকে পুলিশের একটি দল পায়রা চত্বরে অবস্থান নেয়। পুলিশের নির্দেশে সেখানে স্থাপিত মঞ্চও সরিয়ে নেওয়া হয়।
সেখানে জেলা বিএনপি স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আহবান করেছিলো।
বুধবার সকাল থেকে মমতাজ শিরিন ভরসা ওই স্থানেই পাল্টা সভা আহ্বান করে মাইকে প্রচার চালাতে থাকে।
কর্মসূচি ভণ্ডুলের জন্য শিরিন ভরসাকে দায়ী করে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান শামু সাংবাদিকদের বলেন, "এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, কারা সরকারের সঙ্গে আঁতাত করেছে।"
জেলা বিএনপির অন্য যুগ্ম আহ্বায়ক শিরিন ভরসার সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে তার পক্ষের বলে পরিচিত বদরুল ইসলাম চুন্নু সাংবাদিকদের বলেন, "তারা (অন্য পক্ষ) এ সভার বিষয়ে শিরিন মমতাজকে কিছুই জানায়নি। তাই প্রশাসন ১৪৪ ধারা জারি করে ভালোই করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৩ ঘ.
bdnews24