২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আহত একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

পঞ্চগড়, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আহত একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরশাদ হোসেন (২৬) নামের ওই ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে মারা যান। দেবনগড় ইউনিয়নের ঝালিমগি গ্রামে বুধবার বিকালে এ সংঘর্ষে তিনি ও তার পরিবারের ৫ সদস্য আহত হন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, ওই গ্রামের পাথর শ্রমিক এরশাদ হোসেনের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের শামসুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার বিকালে স্থানীয় জয়গনজোত প্রাথমিক বিদ্যালয় মাঠে জমির পরচা সত্যায়ন করতে গেলে দুইজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে এরশাদ গুরুতর আহত হন। রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে তিনি সেখানে মারা যান। তেঁতুলিয়া থানার ওসি মো. মাহাবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৯২৮ ঘ.