নোয়াখালী, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কবিরহাট উপজেলায় ডাকাতের গুলিতে এক কলেজছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
নিহত ইস্তিয়াক হোসেন (২০) চাপরাশিরহাট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
বুধবার ভোররাতে উপজেলার রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কবিরহাট থানার ওসি রতন কুমার দাস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাতে ১২-১৫ জনের একদল ডাকাত রামেশ্বরপুর গ্রামের হানিফ মঞ্জিল, কামাল উদ্দিন পাটোয়ারী বাড়ি ও দানু পাটোয়ারীর বাড়িতে ডাকাতি শেষে পালিয়ে যাবার সময় এলাকার লোকজন তাদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা এলোপাথাড়ি গুলি ছোড়ে।
ওসি জানান, ডাকাতদের গুলিতে ইস্তিয়াক ঘটনাস্থলেই মারা যান।
আহত ইস্তিয়াকের চাচা কামাল উদ্দিনকে (৪৫) প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকায় পাঠানো হয়।
ইস্তিয়াকের লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৫৫৮ ঘ.
bdnews24